আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ হাদীস শরীফ অনুযায়ী ইল্ম দু’প্রকার, একটি দ্বীন সম্পর্কিত অপরটি স্বাস্থ্য সম্পর্কিত। দ্বীন সম্পর্কিত বিষয়ে আঞ্জাম দিচ্ছে ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আঞ্জাম দিচ্ছে মুহম্মদিয়া মেডিকেল সার্ভিসেস লিঃ। অনুষ্ঠেয় ইফতার মাহ্ফিলটি হাদীস শরীফের মিসদাক হয়েছে। দ্বীন সংক্রান্ত ফায়দা হাছিলের ক্ষেত্রে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশের মাধ্যমে মাসিক আল বাইয়্যিনাত নিজেও বেশী বেশী পড়তে ও বুঝতে হবে অন্যকেও পড়াতে ও বুঝাতে হবে। আর স্বাস্থ্য বিষয়ক ইল্ম ও ফায়দা হাসিলের ক্ষেত্রে মুহম্মদিয়া মেডিকেল সার্ভিসেস লিঃ এ যোগাযোগ করে পরামর্শ ও চিকিৎসা গ্রহণের দ্বারা তা অর্জন করতে হবে। ইমামুল আইম্মা, মুহইস্ সুন্নাহ, মুযাদ্দিদুয্যামান, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত আয়োজিত ইফতার মাহ্ফিলে একথা বলেন।
তিনি বলেন, ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত আল্লাহ্ পাক-এর রহমতে মাসিক আল বাইয়্যিনাত-এর মাধ্যমে ইল্মের প্রচার-প্রসার তথা দ্বীন ইসলামের প্রচার-প্রসারের ক্ষেত্রে আশানুরূপ অবদান রাখছে। তবে তাদের আরো ভালভাবে কোশেশ করা আবশ্যক। তিনি এ প্রেক্ষিতে ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর কার্যক্রমকে আরো গতিশীল ও সম্প্রসারিত করার আহবান জানান।
তিনি বলেন, রোযাদারের প্রতিটি দোয়াই কবুল হয়ে থাকে তবে খাছভাবে ইফতারের পূর্বে একটি দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে।
গত ১৭ ডিসেম্বর, রবিবার, ২০ রমজান বাংলাদেশ ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে মুহম্মদিয়া মেডিকেল সার্ভিসেস লিঃ-এর অংশ গ্রহণে রাজারবাগ সুন্নতি জামে মসজিদ ও তৎসংলগ্ন পার্টি হাউজে আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন স্থানে ও চট্টগ্রামে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত
এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে স্থানীয় ও জেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল হয়।