মহান আল্লাহ পাক উনার অসীম রহমতে ‘মাসিক আল বাইয়্যিনাত’ পত্রিকার ৫ম সংখ্যা প্রকাশ হলো। প্রতি সংখ্যায় আমরা অতি প্রয়োজনীয় বিষয়ের উপর বিস্তারিত দলীল-আদিল্লাহ উনাদের সাথে একটি ফতওয়া দিয়ে থাকি, যাতে করে সঠিক দিক নির্দেশনার সাথে সাথে সবার পবিত্র ঈমান-আক্বীদা উনার হিফাযত হয় ও ছহীহ শুদ্ধভাবে আমল করা যায়। আমাদের রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ছফরে ব্যস্ত থাকার জন্য ফতওয়াটি সময় মত প্রস্তুত না হওয়াই এই সংখ্যা প্রকাশের বিলম্বের কারণ। এবারের সংখ্যা পবিত্র রমযান শরীফ উনার মাসে প্রকাশ হচ্ছে। যে মাসের রহমত, খায়ের বরকত তথা ফযীলত সম্বন্ধে বলার অপেক্ষা রাখে না। কেননা, কমবেশি সবাই আমরা জানি। মহান আল্লাহ পাক উনার এ মাসে তাকওয়া অর্জনের জন্য পবিত্র কুরআন শরীফ উনার আদেশ করেছেন। পবিত্র হাদীছ শরীফ উনার এ মাসের প্রথম দশদিন রহমতের, দ্বিতীয় দশদিন মাগফিরাতের এবং দেশ দশদিন নাযাতের বলে উল্লেখ আছে। অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে যে, হযরত জীব্রাইল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি এ মাসে গুণাহ মাফ করাতে পারলো না, সে যেন হালাক্ব হয়ে যায়, তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমীন বলেছেন, যার দ্বারা এ মাসের গুরুত্ব বোঝা যায়। সুতরাং আমাদের এ মাসের তাৎপর্য, মর্যাদা, মর্তবার কথা স্মরণ করে তাকওয়া হাছিলের মাধ্যমে মহান আল্লাম পাক উনার সন্তুষ্টি, মুহব্বত, মারিফাত মুবারক লভে চেষ্টা করা উচিত।
মূলত পত্রিকা প্রকাশে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে- পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা ও পবিত্র ক্বিয়াস উনাদের ভিত্তিতে সঠিকভাবে দ্বীন তথা ইসলাম উনাদের প্রচার। পবিত্র শরীয়ত এবং তাছাউফ উনাদের সম্বন্ধে ছহীহ ধারণা লাভের মাধ্যমে কিভাবে মহান আল্লাহ পাক উনার ও মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খালিছ সন্তুষ্টি, মুহব্বত ও মারিফাত মুবারক লাভ করা যায় অর্থাৎ আল্লাহওয়ালা হওয়া যায়। যেমন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, যদি তোমরা মু’মিন হয়ে থাক, তবে মহান আল্লাহ পাক উনার এবং মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্ট করো, উনারা সন্তুষ্টি পাওয়ার হক্বদার।” (পবিত্র সূরা তওবা শরীফ, আয়াত শরীফ ৬২), অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা সকলে আল্লাহওয়ালা হয়ে যাও।” (পবিত্র সূরা ইমরান শরীফ, পবিত্র আয়াত শরীফ ৭৯)
মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি, মুহব্বত ও মারিফাত মুবারক তথা আল্লাহওয়ালা হওয়ার জন্য মূলতঃ তিনটি বিষয় জরুরী- ইলম, আমল ও ইখলাছ। ইলম ও আমল শরীয়ত উনার সাথে সম্পর্কযুক্ত এবং ইখলাছ তাছাউফের সাথে অর্থাৎ নিঃস্বার্থভাবে একমাত্র মহান আল্লাহ পাক উনার জন্য করা। ইখলাছ অর্জনের জন্য প্রয়োজন অন্তরের সর্বপ্রকার দোষত্রুটি দূর করা এবং এটা একমাত্র সম্ভব কোনো কামিল পীর সাহেবের কাছে বাইয়াতের মাধ্যমে উনার অনুসরণ ও অনুকরণের দ্বারা। যেমন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার অনুসরণ করো, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ করো এবং উলীল আমরের অনুসরণ করো।” এই উলীল আমরের অনেক অর্থের মধ্যে কামিল পীর ছাহেবও অন্তর্ভুক্ত।
কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জনের জন্য যেমন ইলমুল ইয়াক্বীন, আইনুল ইয়াকীন ও ইক্কুল ইয়াকীনের প্রয়োজন, শুধু ইলমুল ইয়াকীনের দ্বারা সম্ভব নয়। একইভাবে কারো পরিপূর্ণ অনুসরণের জন্যৗ শুধুমাত্র ইলম যথেষ্ট নয়, চাক্ষুস দেখা জরুরী। ফার্সীতে একটা কথা আছে, ‘শানিদা কায়ে বুয়াদ মানেন্দা দিদাহ’ অর্থাৎ শোনাটা কখন দেখার মত হয়? কখনই হয় না। সুতরাং মহান আল্লাহ পাক উনার অনুসরণ করতে হবে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণের মাধ্যমে। কেননা, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ করলো, সে যেন মূলত মহান আল্লাহ পাক উনারই অনুসরণ করলো।’ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট মহান আল্লাহ পাক তিনি সরাসরি ওহী পাঠিয়েছেন এবং পবিত্র মিরাজ শরীফ উনার মধ্যে সাক্ষাত দান করেছেন। আবার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ সরাসরি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ করেছেন। কিন্তু আমাদের পক্ষেতো সরাসরি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ সম্ভব নয়। সেজন্য, মহান আল্লাহ পাক তিনি আমাদের উলীল আমরের অনুসরণ করতে বলেছেন। অর্থাৎ কামিল হক্কানী পীর ছাহেব, যিনি নায়েবে নবী, ওয়ারাছাতুল আম্বিয়া।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে, ‘আলিমগণ হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের ওয়ারিছ।’ অন্য পবিত্র হাদীছ শরীফ উল্লেখ আছে, ‘আমার উম্মতের আলিমগণ বনী ইসরাঈলের হযরত নবী আলাইহিস সালাম উনাদের মতো।’ আরো ইরশাদ মুবারক হয়েছে, ‘শায়খ উনার মুরীদের নিকট ঐ রকম; যেমন হযরত নবী আলাইহিস সালাম উনার উম্মতের নিকটে।’ (দাইলামী শরীফ, মাকতুবাত শরীফ)
সুতরাং আমাদের কোনো কামিল হক্কানী পীর ছাহেব উনার বাইয়াত হয়ে উনার পূর্ণ অনুসরণ, অনুকরণের সাথে সাথে উনার সমস্ত আদেশ নিষেধ মুবারক মেনে পীর ছাহেব উনার সন্তুষ্টি, মুহব্বত হাছিলের মাধ্যমেই সম্ভব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুহব্বত মুবারক। আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি, মুহব্বত হাছিলের মাধ্যমেই সম্ভব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি, মুহব্বত, মারিফাত মুবারক লাভ করা অর্থাৎ আল্লাহওয়ালা হওয়া। তাছাউফের পরিভাষায় এগুলিকেই পর্যায়ক্রমে ফানাফিশ শায়খ, ফানা ফির রসূল ও ফানাবিল্লাহ বলে।
পীর ছাহেবের কাছে বাইয়াত হওয়ার অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া অর্থাৎ উনার গোলাম হয়ে নিজের সমস্ত মত-পথ ত্যাগ করা ও পীর ছাহেব উনার সাথে কোনো বিষয়েই দ্বিমত পোষণ না করে উনার সমস্ত আদেশ নিষেধ মুবারক মেনে নেয়া। এভাবে সম্ভব ফানা ফিশ শায়খ উনার নিজের অস্তিত্ব পীর ছাহেব উনার অস্তিত্বে বিলীন করা। একইভাবে ফানা ফির রসূল অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অস্তিত্বে নিজের অস্তিত্ব বিলীন এবং ফানাফিল্লাহ উনার দ্বারা মহান আল্লাহ পাক উনার অস্তিত্বে নিজের অস্তিত্ব বিলীনের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার চরিত্রে চরিত্রবান হওয়া। যেমন, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে, কোনো বান্দা নফল ইবাদতের দ্বারা এমন পর্যায়ে পৌঁছে যে, তার হাত মহান আল্লাহ পাক উনার হাত হয়ে যায়, সেই হাতে সে ধরে। তার পা মহান আল্লাহ পাক উনার পা হয়ে যায়, সেই পায়ে সে চলে। তার যবান মহান আল্লাহ পাক উনার যবান হয়ে যায়, সেই যবানে সে কথা বলে। (বুখারী শরীফ)
অর্থাৎ পরিপূর্ণভাবে তাখাল্লুখু বি আখলাকিল্লাহ বা মহান আল্লাহ পাক উনার চরিত্রে চরিত্রবান। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে প্রকৃত মহান আল্লাহওয়ালা হওয়ার তাওফিক দান করুন। (আমীন)