সম্মানিত শরীয়ত উনার আলোকে দস্তরখানায় খাবার খাওয়ার বেমেছাল গুরুত্ব-ফযীলত মুবারক

সংখ্যা: ৩০৭তম সংখ্যা | বিভাগ:

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

مَّنْ يُّطِعِ الرَّسُولَ فَـقَدْ أَطَاعَ اللهَ وَمَنْ تَـوَلّٰى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيْظًا

অর্থ: যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্য বা অনুসরণ করলো সে মূলত মহান আল্লাহ পাক উনার আনুগত্য করলো। আর যে অবাধ্য হলো আপনি তাদের জিম্মাদার নন। (সম্মানিত ও পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮০)

উপরোক্ত পবিত্র আয়াত শরীফ থেকে প্রতীয়মান হয় যে, কেউ যদি মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হিফাযত মুবারকে থাকতে চায়, তাহলে তাকে চলা-ফেরা, উঠা-বসা, খাওয়া-দাওয়া, আমল-আখলাক্বসহ সর্বক্ষেত্রে অবশ্যই পরিপূর্ণভাবে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা করতে হবে।

খাছ সুন্নতী দস্তরখানার পরিচয় ও গুরুত্ব:

 খাবার খাওয়ার সময় মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করতে হলে, দস্তরখানার ব্যবহার একটি অপরিহার্য বিষয়। “দস্তরখানা” শব্দটি উর্দূ ও ফার্সী ভাষায় ব্যবহৃত হয়। আরবীতে سُفْرٌ (সুফরুন) বা مَائِدَةٌ  (মায়িদাতুন) বা مَوَائِدُ  (মাওয়ায়িদু) বলা হয়। পরিভাষায়, চামড়ার যে বিশেষ বস্তুর উপর খাবার রেখে আহার করা হয় তাকে দস্তরখানা বলে।

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দস্তরখানা মুবারক ছিল চামড়ার এবং খয়েরী রংয়ের (খাসীর) চামড়ার। (শামায়েলে তিরমিযী শরীফ, আনিসুল আরওয়াহ্, জামউল ওসায়েল)

জলীলুল ক্বদর নবী ও রসূল, সাইয়্যিদুনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার দস্তরখানা মুবারক খয়েরী রংয়ের ছিল এবং তা আসমান হতে নাযিল করা হয়েছিল।

দস্তরখানা ব্যবহারে সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম এবং সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সুন্নত মুবারক আদায় হয়। (দলীল:- আনীসুল আরওয়াহ’ কিতাব, অষ্টম মজলিস)

(سُفْرٌ সুফরুন ) দস্তরখানা ব্যবহার করা মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ اَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ مَا أَكَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلٰى خِوَانٍ وَلَا فِي سُكُرُجَةٍ وَلَا خُبِزٍ لَهٗ مُرَقَّقٌ‏.‏ قُلْتُ لِـحَضْرَتْ قَتَادَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَلٰى مَا يَأْكُلُوْنَ قَالَ عَلَى السُّفَرِ‏

অর্থ: “হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনো ‘খিওয়ান’ (টেবিলের মত উঁচু স্থানে)-এর উপর খাবার রেখে সম্মানিত আহার মুবারক করেননি এবং ছোট ছোট বাটিতেও তিনি সম্মানিত আহার মুবারক করেননি। আর উনার জন্য কখনো পাতলা রুটি তৈরী করা হয়নি। রাবী (হযরত ইউনুস রহমতুল্লাহি আলাইহি তিনি) বলেন, আমি হযরত ক্বত্বাদাহ্ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে জিজ্ঞেস করলাম, তাহলে উনারা কিসের উপর মহাসম্মানিত আহার মুবারক করতেন? তিনি বললেন, (খয়েরী রংয়ের) দস্তরখানার উপর।” (বুখারী শরীফ: ৫৪১৫, তিরমিযী শরীফ: ১৭৮৮, ইবনে মাজাহ শরীফ: ৩৪১৭)

পবিত্র হাদীছ শরীফ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দস্তরখানা বিছিয়ে মহাসম্মানিত আহার মুবারক করতেন। তিনি কখনো টেবিল বা টেবিলের মত উঁচু স্থানের উপর খাবার রেখে মহাসম্মানিত আহার মুবারক করেননি।

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-

سَمِعَ حَضْرَتْ أَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ يَقُوْلُ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْنِي بِسَيِّدَتِنَا حَضْرَتْ أُمِّ الْمُؤْمِنِيْنَ الْعَاشِرَةِ عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ عَلَيْهَا السَّلَامُ) فَدَعَوْتُ الْمُسْلِمِيْنَ إِلٰى وَلِيْمَتِهٖ أَمَرَ بِالأَنْطَاعِ فَبُسِطَتْ فَأُلْقِيَ عَلَيْهَا التَّمْرُ وَالأَقِطُ وَالسَّمْنُ وَقَالَ حَضْرَتْ عَمْرٌو رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنْ حَضْرَتْ أَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ بَنٰى بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ صَنَعَ حَيْسًا فِي نِطَعٍ

অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনাকে উনার (হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম হিসেবে) মহাসম্মানিত মহাপবিত্র খিদমত মুবারকে গ্রহণ করলেন। আমি (হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) মহাসম্মানিত ওলীমা মুবারকের জন্য মুসলমান উনাদেরকে দাওয়াত করলাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নির্দেশ মুবারকে দস্তরখানা বিছানো হলো। তারপর তার উপর খেজুর, পনির ও ঘি ঢালা হলো। হযরত ‘আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনাকে উনার মহাসম্মানিত মহাপবিত্র খিদমত মুবারকে গ্রহণ করলেন এবং চামড়ার দস্তরখানায় ‘হায়েস’ (ঘি, খেজুর ইত্যাদি মিশিয়ে বানানো খাবার) প্রস্তুত করলেন। (বুখারী শরীফ: ৫৩৮৭)

 উল্লেখ্য, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র ওলীমা মুবারকের মধ্যেও দস্তরখানার বিশেষ ব্যবস্থা ছিলো। কিন্তু বর্তমানে বিবাহের অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে মহাসম্মানিত সুন্নতী দস্তরখানার ব্যবহার দেখা যায় না। কিন্তু উপরোক্ত মহাপবিত্র হাদীছ শরীফ থেকে প্রমাণিত হয় যে, দস্তরখানায় খাদ্য খাওয়া খাছ সুন্নত মুবারক।

আল্লামা মানাউয়ী রহমতুল্লাহি আলাইহি ও আল্লামা মোল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি উনারা বলেন, “টেবিলের উপর খাবার রেখে আহার করা হচ্ছে- অহংকারীদের অভ্যাস।” নাউযুবিল্লাহ!

চেয়ার-টেবিলে পানাহার করলে অবশ্যই বে-দ্বীন-বদদ্বীন ও বেধর্মীদের অনুসরণ করা হয়। কেননা তারাই চেয়ার-টেবিলে খাদ্য খাওয়ার পদ্ধতি চালু করেছে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে –

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

অর্থ: “যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখবে, অনুসরণ-অনুকরণ করবে, সে সেই সম্প্রদায়ের অন্তভুর্ক্ত হবে অর্থাৎ তার হাশর-নশর তাদের সাথেই হবে।” (আবূ দাউদ শরীফ)

সম্মানিত শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী, চেয়ার-টেবিলে খাবার খাওয়া মাকরূহে তাহরীমী। যা হতে বিরত থাকা সকলের জন্য আবশ্যক।

দস্তরখানায় খাদ্য খাওয়ার বিস্ময়কর শেফা ও বেমেছাল ফযীলত মুবারকসমূহ:

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُصَلِّي الْمَلَائِكَةُ عَلَى الرَّجُلِ مَا دَامَتْ مَائِدَتُهٗ مَوْضُوْعَةً

অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ঐ ব্যক্তির উপর ততক্ষণ পর্যন্ত রহমত মুবারক উনার দোয়া মুবারক করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত দস্তরখানা বিছানো থাকে। অর্থাৎ দস্তরখানায় খাবার খাওয়া পর্যন্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তার জন্য রহমত মুবারক কামনা করতে থাকেন। সুবহানাল্লাহ! (তাফসীরে কুরতুবী শরীফ-৬/৩৭৪)

সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন চিশ্তী আজমেরী সানজেরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার “আনিসুল আরওয়াহ্” নামক বিশ্ববিখ্যাত কিতাবের ৮ম মজলিসের মধ্যে খয়েরী রঙের চামড়ার দস্তরখানায় আহার করার বেমেছাল ফযীলত মুবারক উল্লেখ করেছেন। নিম্নে তা উল্লেখ করা হলো-

১) দস্তরখানায় খাবার খেলে প্রতি লোকমার ফযীলত মুবারক: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি খয়েরী রঙের চামড়ার দস্তরখানায় এক লোকমা খাবার খাবে, তার প্রতিটি লোকমার প্রতিদানে তাকে ১০০টি করে ছওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ! প্রতিটি লোকমার প্রতিদানে তার জন্য সম্মানিত জান্নাতে ১০০টি বালাখানা মুবারক নির্মাণ ও সুসজ্জিত করা হবে। সুবহানাল্লাহ! সে ব্যক্তি দায়েমীভাবে সম্মানিত জান্নাত উনার মধ্যে সমস্ত হযরত নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদের অফুরন্ত ছলাত এবং সালাম মুবারক লাভ করবে। সুবহানাল্লাহ!

২) দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাওয়ার ফযীলত মুবারক: যে ব্যক্তি দস্তরখানায় খাবার খাবে এবং দস্তরখানায় পড়ে যাওয়া খাবার টুকে টুকে উঠায়ে বা তুলে খাবে, ক্বিয়ামতের দিন তার ডান হাতে আমলনামা দেয়া হবে, পেটের পীড়া দূরীভূত হবে, নেক সন্তান হবে, চোখের জ্যোতি ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ!

৩) দস্তরখানায় খাবার খাওয়া শেষ করার ফযীলত মুবারক: দস্তরখানায় আহার করে তা শেষ করার সাথে সাথেই মহান আল্লাহ পাক তিনি সে ব্যক্তির জীবনের গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ!

৪) দস্তরখানায় আহার করার ফযীলত মুবারক: যে ব্যক্তি দস্তরখানায় আহার করবে, সে ব্যক্তি ১টি উমরাহ হজ্জের ছওয়াব পাবে এবং ১ হাজার ক্ষুধার্তকে পেট ভরে খাদ্য খাওয়ানোর ছওয়াব লাভ করবে। সে ব্যক্তি এতো বেশি ছওয়াব লাভ করবে, যেন সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতের মধ্যে ১ হাজার বন্দীকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ!

৫) দস্তরখানায় নিয়মিত খাবার খাওয়ার ফযীলত মুবারক: যে ব্যক্তি চামড়ার দস্তরখানায় সবসময় খাবার খাবে, রোজ হাশরের দিনে হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি তাকে সম্মানিত জান্নাতী পোশাক পরিয়ে বোরাকে করে উপস্থিত করবেন এবং এই অবস্থায় তাকে সম্মানিত জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ!

৬) দস্তরখানায় মেহমানকে খাদ্য খাওয়ানোর ফযীলত মুবারক: যে ব্যক্তি কোন মেহমানকে খয়েরী রংয়ের চামড়ার দস্তরখানায় খাবার খাওয়াবে, সে প্রতিটি দানার প্রতিদানে ১ হাজার করে নেকী বা ছওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ! যে ব্যক্তি খয়েরী রংয়ের চামড়ার দস্তরখানায় খাদ্য খাবে, মেহমানকে খাওয়াবে মহান আল্লাহ পাক তিনি তাকে দয়া-রহমত মুবারক ও ক্ষমার কুদরতী নজর মুবারকে দেখবেন এবং তাকে সম্মানিত জান্নাতে প্রবেশ করাবেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে শাফাআত মুবারক করে সাথে নিয়ে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ!

৭) দস্তরখানায় গরীব-দুঃখীকে খাদ্য খাওয়ানোর ফযীলত মুবারক: যে ব্যক্তি দস্তরখানায় কোন গরীব দুঃখীকে আহার করাবে, তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় সমাসীন করা হবে। সুবহানাল্লাহ!

দস্তরখানায় খাদ্যের ঝুটা রাখা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার খিলাফ:

মনে রাখতে হবে, দস্তরখানা সর্বদাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দস্তরখানা কখনোই নোংরা করে রাখা যাবে না। মাছের কাঁটা, হাড়-হাড্ডি, সর্বপ্রকার খাবারের উচ্ছিষ্ট ইত্যাদি ফেলার জন্য আলাদা একটি পাত্র রাখতে হবে। অনেককে দেখা যায়, দস্তরখানার উপর কাঁটা, হাড্ডি, খাবারের উচ্ছিষ্ট ইত্যাদি ফেলে। দস্তরখানাতে এগুলো ফেলানো মহাসম্মানিত সুন্নত মুবারক উনার খিলাফ।

উল্লেখ্য, সর্বাবস্থায় মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে প্রাধান্য দিতে হবে। খাদ্য খাওয়ার সময় দস্তরখানা ব্যবহার করতে হবে এবং দস্তরখানায় খাবার পড়ে গেলে তা উঠিয়ে খেতে হবে, কখনো এক টুকরা বা একটা দানা খাবারও নষ্ট করা বা খাবার অপচয় করা যাবে না; এটাই মহাসম্মানিত সুন্নত মুবারক। আর এই মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করতে কোন লজ্জাবোধ করা যাবে না। মুসলমানদের জন্য মহাসম্মানিত সুন্নত মুবারক উনার আমল করতে পারাটাই হচ্ছে শান-শওক্বত ও ফখরের বিষয়।

মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করার তাওফীক্ব দান করুন। আমীন!

-আহমদ হুসাইন বুরহানুদ্দীন।

হযরত রসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বৈশিষ্ট্য/দু’একটি বিষয়ে আলোকপাত

মহান আল্লাহ পাক উনার জন্য হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম উনার নির্যাতন ভোগ

আশ্চর্য হলেও সত্য

যমযম কুপের ও ওযুর পানি দাঁড়িয়ে পান করা মোস্তাহাব অন্য কোন পানি বা খাদ্য দাঁড়িয়ে পান করা মাকরূহ

ইলমে তাসাউফ