বিছাল শরীফ
وصال (বিছাল) শব্দের অর্থ: মিলিত হওয়া , সাক্ষাত করা, পৌঁছে যাওয়া, সংযোগ স্থাপন করা।
শরীয়তের পরিভাষায়, মু’মিন মুত্তাক্বী বান্দাগণের দুনিয়াবী জীবন শেষ হয়ে মহান আল্লাহ পাক উনার সান্নিধ্যে মিলিত হওয়াকে বিছাল বলে।
আর অতীব সম্মান ও মর্যাদার কারণে شريف (শরীফ) শব্দটি যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, সাধারণ লোকের ক্ষেত্রে যাকে মউত বা মৃত্যু বলা হয় মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নৈকট্য-কুরবত প্রাপ্ত ব্যক্তিত্বগণের শানে তা বিছাল শরীফ বলে উল্লেখ করা হয়।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
كُلُّ نَـفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْـنَا تُـرْجَعُونَ
অর্থঃ প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর মহান আল্লাহ পাক উনার নিকট ফিরে যাবে। (সম্মানিত ও পবিত্র সূরা আনকাবুত শরীফ-সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৫৭)
দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউই চিরদিন থাকতে পারেনা। সকলেরই স্থায়ী ঠিকানা পরকাল। সবাইকে মহান আল্লাহ পাক উনার কাছেই ফিরে যেতে হবে। তবে সবার ফিরে যাওয়া বা ইন্তিকাল করা এক রকম নয়। যারা মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সন্তুষ্টি রেজামন্দি মুবারক হাছিলের কোশেশ করেন তারা উনাদের সন্তুষ্টি রেজামন্দি হাছিল করতঃ মহান আল্লাহ পাক উনার পরম দীদার মুবারকে মিলিত হন। আর যারা সন্তুষ্টি রেজামন্দি হাছিলের কোশেশ করেনা তাদের জায়ঠিকানা হয় নিকৃষ্ট স্থান জাহান্নাম। নাঊযুবিল্লাহ।
কাজেই সাধারণ লোক আর ওলি-আউলিয়াগণের ইন্তিকালের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। ওলিআল্লাহগণ অমর। উনারা দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই সম্মানিত, মর্যাদাবান।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّكُمْ لَمْ تُخْلَقُوا لِلْفَنَاءِ، بَلْ خُلِقْتُمْ لِلْبَـقَاءِ، وَإِنَّمَا تُـنْـقَلُونَ مِنْ دَارٍ إِلَى دَارٍ
অর্থঃ তোমাদেরকে ধবংস হওয়ার জন্য সৃষ্টি করা হয়নি। বরং চিরস্থায়ী থাকার জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা শুধুমাত্র একস্থান থেকে অন্য স্থানে গমন করবে মাত্র।
اِنَّ أَوْلِيَاءَ اللهِ لَا يَـمُوْتُـوْنَ بَلْ يَـنْـتَقِلُ مِنْ دَارِ الْفَنَاءِ اِلٰى دَارِ الْبَـقَاءِ
অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার ওলীগণ মৃত্যুবরণ করেন না। উনারা অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসের দিকে প্রত্যাবর্তন করেন। অন্য বর্ণনায় আছে-
عن حضرت بلال بن سعد رحمه الله عليه قال: “أيها الناس، إنكم لم تخلقوا للفناء وإنما خلقتم للبقاء، وإنما تنقلون من دار إلى دار كما نقلتم من الأصلاب إلى الأرحام, ومن الأرحام إلى الدنيا ومن الدنيا إلى القبور, ومن القبور إلى الموقف ومن الموقف إلى جنة أو نارـ
অর্থ: বিশিষ্ট তাবিঈ হযরত বিলাল ইবনে সায়াদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হে মানুষ সকল! তোমাদেরকে ধবংস করার জন্য সৃষ্টি করা হয়নি। বরং চিরস্থায়ী থাকার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা শুধু এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। যেমন পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে। মায়ের রেহেম থেকে দুনিয়াতে। আর দুনিয়া থেকে কবরে। কবর থেকে মাওকিফে তথা হাশরে। আর হাশর থেকে জান্নাতে অথবা জাহান্নামে যাবে। (সিয়ারু আলামিন নুবালা, বিদায়া ওয়ান নিহায়া,হায়াতে আউলিয়া, যুহুদুল কবীর-৫৩৭)
দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪৬