পবিত্র দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে কৃষি

সংখ্যা: ৪র্থ সংখ্যা | বিভাগ:

শহীদ মুহম্মদ ইব্রাহীম খলীল

          কৃষিই কৃষ্টির মূল। কৃষিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বর্তমান সভ্যতা। কৃষিপ্রধান দেশগুলিকে সম্পূর্ণরূপে কৃষির উপর নির্ভর করতে হয়। এছাড়া যে সব দেশ শিল্প ও খনিজ সম্পদের উপর নির্ভরশীল, সেসব দেশগুলিকেও বেঁচে থাকার জন্য কৃষি পণ্যের উপর নির্ভর করতে হয়। মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের প্রয়োজনীয় উপকরণ সবই আসে কৃষি থেকে। এজন্যই মহান আল্লাহ পাক তিনি চৌদ্দশত বৎসর পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার অনেক পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে কৃষির গুরুত্বকে তুলে ধরেছেন। মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কৃষির গুরুত্ব বর্ণনা করেছেন। মানুষ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনার জ্ঞানকে কাজে লাগিয়ে কৃষির উন্নতিতে সক্ষম হয়েছে। এখন দেখা যাক, কৃষি সম্পর্কে মহান আল্লাহ পাক উনার ও মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কি নির্দেশ মুবারক। মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি বলেন, “সেই তো তিনি যিনি যমীনকে তোমাদের জন্য সুগম করে দিয়েছেন। অতএব, তোমরা দিক দিগন্তে বিচরণ করো এবং উনার প্রদত্ত জীবনোপকরণ হতে আহার্য গ্রহণ কর এবং স্মরণ রাখ তোমাদের উত্থাপিত হয়ে যেতে হবে উনারই পানে।”

          যমীনকে মহান আল্লাহ পাক মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন। যমীনকে কাজে লাগিয়ে মানুষ তার আহার্যের ব্যবস্থা করতে পারে। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আর তিনি যমীনকে স্থাপন করেছেন মানব সমাজের জন্য। তাতে (উৎপন্ন) হয় বিবিধ মেওয়া এবং খোষাযুক্ত খেজুর বৃক্ষ। আরও (উৎপন্ন হয়) ভুষি সম্বলিত বিবিধ শস্য ও সুগন্ধি ফুল।”

          নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কৃষিকে একটি মহাপূণ্যের কাজ বলে আখ্যায়িত করেছেন এবং এ কাজে উৎসাহ প্রদান করেছেন। যারা ফলের বা শস্যের গাছ লাগায় তারা মহান আল্লাহ পাক উনার অনুগ্রহ লাভ করে থাকে।

          হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হযরত রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, যখনই কোনো মুসলমান গাছ লাগায় অথবা শস্য রোপণ করে এবং এথেকে মানুষ, পাখি বা পশু তাদের আহার্য গ্রহণ করে তখন এটা রোপণকারীর পক্ষে একটি সদকা হিসেবে পরিলক্ষিত হয়।” (বুখারী শরীফ, মুসলিম শরীফ)

          হযরত আয়িশা ছিদ্দীকা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “জমির লুকায়িত ভান্ডারে খাদ্যের অনুসন্ধান করো।” (তিবরানী শরীফ)

এখানে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চাষাবাদের মাধ্যমে জমিতে খাদ্যশস্য উৎপাদনের প্রতি ইঙ্গিত দিয়েছেন।

          মুসলিম বাহিনীকে জিহাদে রওয়ানা হওয়ার সময় হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম এবং হযরত উমর ফারুক আলাইহিস সালাম উনারা কঠোরভাবে নির্দেশ মুবারক দিতেন, যেন তারা বিজিতদের কোনো শস্যক্ষেত্র নষ্ট না করে। কৃষির উন্নয়নে মুসলিম খলীফাগণ সব সময়ই সজাগ ও সচেষ্ট ছিলেন।

          কৃষিই যে কোন দেশের উন্নতি ও সমৃদ্ধির মূল। কৃষিকে বাদ দিয়ে দেশ কখনও সুখী ও সমৃদ্ধশালী হতে পারে না। এ সম্পর্কে উপমহাদেশের বিশিষ্ট বুযূর্গ হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সামান্য কয়েকজন লোকের উপর কৃষি এবং পশু পালনের দায়িত্ব অর্পন করে দেশের অধিকাংশ লোকই যদি শিল্প বাণিজ্য ও রাজনীতি নিয়ে পড়ে থাকে তাহলে দেশবাসীর অবস্থা বিপর্যস্থ হয়ে যাবে। (হুজ্জাতুল্লাহিল বালিগা)

          কৃষির গুরুত্বকে একটি প্রবাদের সাহায্যে সহজেই বুঝা যাবে, জাতীয় উন্নতি ও সমৃদ্ধি হলো বৃক্ষের অনুরূপ। কৃষি তার মূল, শিল্প তার শাখা এবং বাণিজ্য তার পাতা।

          বাংলাদেশের মত কৃষি প্রধান দেশের ক্ষেত্রে প্রবাদটি অক্ষরে অক্ষরে সত্য। দেশের উন্নতি ও সমৃদ্ধি কৃষির উন্নতির উপর নির্ভরশীল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের কৃষির তেমন উন্নতি হয়নি। আমি বলব তার জন্য সম্পর্ণ দায়ী সংকীর্ণ মনা শাসকগোষ্ঠী ও অনৈসলামিক শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা ও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা না থাকার দরুণ কৃষির ও কৃষকের অবস্থার উন্নতি হচ্ছে না।

কাজেই আমাদের সকলের উচিত হবে, দেশে ইসলামী শাসন ব্যবস্থার কায়িমের কোশেষ করা এবং মহান আল্লাহ পাক উনার মত ও মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওযা সাল্লাম উনার পথ অনুসরণের মাধ্যমে কৃষির উন্নতিতে কাজ করা।

ইতিহাসে হাজ্জাজ বিন ইউসুফের স্থান

জিওগ্রাফি অব বাংলাদেশ (Geography of Bangladesh)

ইস্তিঞ্জা যদি কমাতে চান বেশী করে জাম্বুরা খান

সত্য স্বপ্নে হযরত ইমাম হাসান বসরী রহমতুল্লাহি আলাইহি উনার আরোগ্য লাভ

বৈদেশিক বাণিজ্যের প্রয়োজনীয়তা ও প্রসার